প্রথম আওয়াজ ডেস্ক | বরিশাল, ২৬ জুলাই ২০২৫
বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার সকাল ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন নদীর পাড়ে ভেসে ওঠে লাশটি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, মৃত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। পরনে ছিল কালো সালোয়ার-কামিজ। লাশের গলায় ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, “তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমরা তদন্ত করছি।”
স্থানীয়রা ধারণা করছেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার প্রেমঘটিত বিষয়ের সঙ্গে সম্পর্ক আছে বলেও সন্দেহ করছেন।
কেউ যদি তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেন, বরিশাল কোতোয়ালি থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।