বানারীপাড়া প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়া উপজেলায় নিজ জমিতে আমনের চারা রোপণ করায় প্রতিপক্ষের পক্ষ থেকে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরদ্ধার গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের হাবিবুর রহমান বালি ও তার বড় ভাই মৃত তাসেন আলীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে সম্প্রতি নতুন করে উত্তেজনা দেখা দেয়।
হাবিবুর রহমান বালি জানান, “আমরা আদালতের আদেশ মেনেই জমিতে আমনের চারা রোপণ করি। কিন্তু আমার ভাইয়ের ছেলে সৈয়দ আলী বাদী হয়ে বানারীপাড়া থানায় আমার নামসহ আরও তিনজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।”
সৈয়দ আলী দাবি করেছেন আদালত জমিতে কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ভুক্তভোগী বালি জানান, “আদালত প্রথমে নিষেধাজ্ঞা দিলেও ১০ দিন পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। সুতরাং আমরা কোনো আদেশ উপেক্ষা করিনি।”
জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান হাবিবুর রহমান বালি। তিনি বলেন, “কাগজপত্র অনুযায়ী যদি জমি আমাদের হয় তাহলে আমরা ভোগদখল করব, আর যদি না হয় তাহলে জমির কাছেও যাব না।”