রিয়াজ শরীফ বরিশাল:
বরিশালের সিএন্ডবি পোল সংলগ্ন এলাকায় জুমার নামাজের সময় এক অভিনব চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বাসার মালিকরা জুমার নামাজে গিয়েছিলেন, সেই সুযোগে এক ব্যক্তি অফিসারের মতো শার্ট-প্যান্ট পরে ঘরে ঢুকে পড়ে।
প্রথমে তাকে কেউ সন্দেহ করেননি। কারণ, পোশাক-আশাকে সে ছিল একজন দপ্তরি কর্মচারী বা অফিসারসুলভ। তবে, তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন তাকে লক্ষ্য করতে শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে চোর বলে ধরা পড়ে।
তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দেখা যায়, ভেতরে রয়েছে একাধিক পানির ট্যাপ কলসহ চুরির জন্য ব্যবহৃত কিছু সরঞ্জাম। স্থানীয়রা চোরকে ধরে কিছুটা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, "এখন চোরেরাও পোশাক পাল্টে অভিনব কায়দায় আসে, সাবধান না থাকলে বুঝতেও পারি না।"
পরে পুলিশ এসে চোরকে হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরের পরিচয় ও তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।