শাহাদাত হোসেন রুবেল
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশালের যৌথ আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বের হয় একটি বর্ণাঢ্য র্যালি, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় বন সংরক্ষক মিহির কুমার দো, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং ডিআইজি রেঞ্জ কার্যালয় বরিশালের পুলিশ সুপার রুনা লায়লা।
আলোচনায় বক্তারা পরিকল্পিত ও টেকসই বনায়নের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে এমন আয়োজনের ভূমিকা তুলে ধরেন।
এবারের বৃক্ষমেলায় অংশ নিয়েছে ৫০টি নার্সারি ও প্রতিষ্ঠান, যারা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য স্টল বসিয়েছে।
বৃক্ষমেলা চলবে আগামী ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।
পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসচেতনতা তৈরির এই উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।