মোঃ রাসেল সিকদার:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাফরকাটি গ্রামে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব সাইফুদ্দিন।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে দাফরকাটি এলাকার একটি অবৈধ ইটভাটাসহ আশপাশের আরও একাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।