বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা নির্বাচন অফিসগুলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জেলা নির্বাচন অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে মঙ্গল ও বুধবারের ঘোষিত আধাবেলা হরতাল প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা সেক্রেটারি ও কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা খাদেম নেয়ামুল নাছির আলাপ, শাহেদ আলী রবি, মাহাবুবুর রহমান টুটুল, সরদার লিয়াকত আলীসহ সর্বদলীয় কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, বুধবারও একইভাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি।##