নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীর তীরে নবনির্মিত বাইপাস সড়ক বা ‘নতুন রাস্তা’ এখন স্থানীয় ও পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে নদীর চরে প্রাকৃতিকভাবে ফুটে থাকা হাজারো কচুরিপানা ফুল (যা স্থানীয়দের কাছে টগর ফুল নামেও পরিচিত) এলাকাটিতে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। নদীর বিশালতা আর তীরের এই সৌন্দর্যের কারণে দর্শনার্থীরা জায়গাটিকে ভালোবেসে ডাকছেন ‘মিনি কুয়াকাটা’।
প্রকৃতির এক অনন্য সাজ সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা নদীর চরের বিশাল এলাকাজুড়ে এখন সাদা আর হালকা বেগুনি কচুরিপানা ফুলের সমারোহ। নদীর জোয়ার-ভাটায় দুলতে থাকা এই ফুলগুলো নদীর কিনারায় এক প্রাকৃতিক শয্যা তৈরি করেছে। বিশেষ করে পড়ন্ত বিকেলে সূর্যের আলো যখন ফুলের পাপড়ির ওপর পড়ে, তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয়।
দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রতিদিন বিকেল হতেই বানারীপাড়া উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষ এখানে ভিড় করছেন। কেউ সপরিবারে আসছেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে, আবার তরুণ প্রজন্ম ব্যস্ত থাকছে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে। ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, রাস্তার একপাশে প্রমত্তা সন্ধ্যা নদী আর অন্যপাশে এই ফুলের সমারোহ মনে অন্যরকম প্রশান্তি এনে দেয়।
পর্যটনের নতুন সম্ভাবনা স্থানীয়রা জানান, বাইপাস সড়কটি হওয়ার পর থেকেই এটি মূলত বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। নদীর তীরে বসার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকলেও প্রাকৃতিক এই সৌন্দর্যই মানুষকে টেনে আনছে। পর্যটনপ্রেমীদের মতে, যদি এই নদীর পাড়কে পরিকল্পিতভাবে সাজানো যায়, তবে এটি বরিশালের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্রে রূপ নিতে পারে।