প্রতিনিধি, বরিশাল:
বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোসা. নাছরীন আক্তারের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট জাল হিসেবে প্রমাণিত হয়েছে।
২০২২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এক অডিট অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। দায়িত্বপ্রাপ্ত অডিট কর্মকর্তা মোঃ আলমগীর হাসান তাঁর দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেন, উক্ত শিক্ষক কর্তৃক দাখিলকৃত কম্পিউটার সার্টিফিকেটটি অবৈধ এবং জাল।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, জালিয়াতির মাধ্যমে চাকরিতে নিয়োগ পাওয়ায় নাছরীন আক্তার কর্তৃক পূর্বে নেওয়া যাবতীয় অর্থ ফেরত দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিনের সঙ্গে কথা হলে তিনি ঘটনাটির সত্যতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক পদক্ষেপ গ্রহণের কথা জানান।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।