প্রথম আওয়াজঃ
সত্য, ন্যায়ের পক্ষে এবং জনকল্যাণের প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ কর্ণেল (অব.) আব্দুল হক।
গতকাল ২৫ জুলাই, শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের বরিশুর নেকরোজবাগ, জিঞ্জিরা এলাকায় নির্বাচনী পদচারণা শেষে তিনি এক গণসংযোগে বলেন—
"জনগণের কল্যাণ, ন্যায়ের প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি।"
বর্তমানে রাওয়া ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট কর্ণেল হক আরও বলেন,
"দেশ আজ এক চরম সংকটের মুখোমুখি। বিভ্রান্তিকর নেতৃত্ব, নীতিহীন রাজনীতি আর দুর্বৃত্তায়নের ফলে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে প্রয়োজন একজন সৎ, দৃঢ়চিত্ত ও শিক্ষিত নেতা— যে কিনা জনগণের পাশে থাকবে, কথা নয় কাজে বিশ্বাসী হবে।"
তিনি অতীত নেতৃত্বের সমালোচনা করে বলেন,
"কেরানীগঞ্জের জনগণকে বিগত দিনের রাজনীতিবিদরা শুধু শিখিয়েছে চাঁদাবাজি, মাদক ব্যবসা আর জমি দখলের মতো অপকর্ম। অথচ উন্নয়নের প্রধান ভিত্তি হওয়া উচিত শিক্ষা, নৈতিকতা ও জনসেবার চেতনা। আমরা যদি শিক্ষিত সমাজ গড়তে না পারি, তাহলে জাতি কখনোই বদলাবে না।"
ভবিষ্যৎ নির্বাচনে নিজেকে উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরে কর্ণেল হক ঘোষণা দেন,
"আমি নির্বাচিত হলে কেরানীগঞ্জের প্রতিটি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকব। আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। কাউকে কোনো সিন্ডিকেট কিংবা দালালের কাছে যেতে হবে না। সরাসরি আমার কাছে এসে সমস্যা জানাতে পারবেন।"
তিনি আরও বলেন,
"কেরানীগঞ্জের মাটি থেকে সব অন্যায়, জুলুম, চাঁদাবাজি ও মাদক নির্মূল করে এ অঞ্চলকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব— ইনশাআল্লাহ।"
জনতার উচ্ছ্বসিত সমর্থন ও শুভকামনার মধ্য দিয়ে কর্ণেল হক তাঁর পদচারণা শেষ করেন।