শাকিল আহম্মেদঃ
জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-৫ (সদর–দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বৃহস্পতিবার আসরের নামাজ আদায় শেষে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হাতেম আলী চৌমাথা এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।
প্রচারণার শুরুতে তিনি চৌমাথা এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি তাদের ব্যবসায়িক পরিবেশ, নিরাপত্তা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। ব্যবসায়ীরা তাঁকে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরলে অ্যাডভোকেট হেলাল নির্বাচিত হলে নিরাপদ, শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি; তাদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
এরপর তিনি চৌমাথা লেকের পাড়ে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষা পরিবেশ, সুযোগ-সুবিধা, কো-কারিকুলার কার্যক্রম এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে মতামত জানান। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে বলেন, “যোগ্য ও সৎ নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের মেধা বিকাশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যাতে সঠিক মূল্যায়ন পায় এবং আধুনিক শিক্ষার সুযোগ ভোগ করতে পারে—সে বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দেবো।” তিনি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতিও দেন।
প্রচারণার পুরো সময়জুড়ে এলাকাবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ লক্ষ্য করা যায়। ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী অনেকেই তাঁর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণায় এমন সরাসরি সংযোগ তাদের কাছে ইতিবাচক মনে হয়েছে।
দিনব্যাপী এই প্রচারণায় জামায়াতে ইসলামী ও স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন এবং এলাকাজুড়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।