
বেকার যুবকদের কর্মসংস্থান ও একটি ইপিজেড প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানালেন তিনিঃ
শাকিল আহম্মেদ বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গরিব, দুঃখী ও বেকার যুবকদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম আনোয়ার হোসেন। নদী-নদী ও খাল-বিল ঘেরা এই সম্ভাবনাময় উপজেলাকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ শিল্প ও অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
এম আনোয়ার হোসেন বলেন, বাকেরগঞ্জ একটি নদীমাতৃক এলাকা। এখানে নদ-নদী ও খাল-বিলকে কাজে লাগিয়ে কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা, কৃষি উদ্যোগসহ নানা ধরনের উৎপাদনমুখী কার্যক্রম গড়ে তোলা সম্ভব। সঠিক উদ্যোগ গ্রহণ করা গেলে এই অঞ্চল একসময় একটি স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ শহরে পরিণত হতে পারে।
তিনি বলেন, বর্তমানে বাকেরগঞ্জের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। অনেক যুবক দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন। একটি কাজের আশায় ঘুরতে ঘুরতে অনেকের জীবনের গুরুত্বপূর্ণ সময় পার হয়ে যাচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, “আমি ভাবছি কীভাবে এই নদীগুলোকে কাজে লাগিয়ে বাকেরগঞ্জকে একটি শিল্প নগরীতে রূপান্তর করা যায়। কীভাবে মানুষের মাঝে কাজের সুযোগ তৈরি করা যায় এবং বেকার যুবকদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়—এসব নিয়েই আমার ভাবনা।”
দীর্ঘদিন দেশের বাইরে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে নিজের জন্মভূমির জন্য কিছু করার।
তিনি আরও বলেন, “আমি বাকেরগঞ্জবাসীর সঙ্গে আছি। আপনাদের জন্য এখানে একটি ইপিজেড (Export Processing Zone) তৈরির পরিকল্পনা রয়েছে। আপনারা শুধু আমার পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে থাকবো।”
তিনি স্মরণ করিয়ে দেন, একসময় বাকেরগঞ্জ একটি জেলা ছিল, পরে তা উপজেলায় রূপান্তরিত হয়েছে। ফলে আগের জেলা শহরের অনেক সুবিধা থেকে এখানকার মানুষ বঞ্চিত হয়েছেন।
এম আনোয়ার হোসেন বলেন, “আমি কোনো নেতা হতে চাই না, আমি সবার বন্ধু হতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।”
স্থানীয়দের আশা, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে বাকেরগঞ্জে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।