
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:
পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীরা চিকিৎসকদের হাতে টাকা তুলে দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।
বিশেষ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আসাদুজ্জামানের বিরুদ্ধেই এই অভিযোগ সবচেয়ে বেশি। তিনি সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই রোগী দেখেন এবং অর্থ গ্রহণ করেন বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।
বিষয়টি নিয়ে ডা. আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,
“আমরা অফিস আওয়ারের পরে আমাদের পরিচিত কিছু রোগী দেখি। কেউ ইচ্ছা করে কিছু দিলে তা গ্রহণ করি, জোর করে কিছু নেওয়া হয় না।”
তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন জানান,
“হাসপাতালে গেলেও টাকা না দিলে ভালোভাবে দেখে না। অনেক সময় ভিজিটের টাকাও চাওয়া হয়। এটা তো প্রাইভেট চেম্বারের মতোই!”
বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মস্থলে বসে অর্থের বিনিময়ে রোগী দেখা সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী, অফিস আওয়ারে বা সরকারি স্থাপনায় কোনো ধরনের ব্যক্তিগত চেম্বার পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয় নাগরিক সমাজ ও স্বাস্থ্যসেবা পর্যবেক্ষকরা অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এভাবে স্বাস্থ্য খাতের দুর্নীতি অব্যাহত থাকলে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হবেন এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর থেকে আস্থা উঠে যাবে।