
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাসির উদ্দীন (৫২)। তিনি পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রসঙ্গত, মোঃ নাসির উদ্দীন বরিশাল জেলার বিজ্ঞ সিজিএম কোর্টে দায়েরকৃত ঢাকা আদালতের জিআর নং ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।
গ্রেফতারের পর সেনাবাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং সেনাবাহিনীর এমন অভিযানে জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে।