
মাইদুল ইসলাম রনি, বানারীপাড়া প্রতিনিধি
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখরুল আলম-এর বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্প্রতি একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয় বরিশালে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোঃ ফখরুল আলম বিগত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অবসর গ্রহণের কথা থাকলেও, তিনি সরকারি বিধান উপেক্ষা করে অবৈধ এ্যাডহক কমিটি গঠন করে নিজ পদে বহাল থাকেন। অভিযোগ রয়েছে, অবসর গ্রহণের পূর্বেই তিনি স্থানীয় এক এস.এস.সি পাশ ব্যক্তিকে (মোঃ সবুর খান) বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনয়ন দিতে ভুয়া কাগজপত্র দাখিল করেন, যা সরকারি নিয়মবহির্ভূত।
এ ছাড়াও, অভিযোগপত্রে বলা হয়েছে—
অবৈধ সভাপতি ও প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্থায়ী আমানতের প্রায় পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
প্রতি মাসে প্রধান শিক্ষক বিদ্যালয়ের তহবিল থেকে ১৫ হাজার টাকা বেতন হিসেবে গ্রহণ করেন।
শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বেতনের অর্থও সভাপতি ও প্রধান শিক্ষক মিলে আত্মসাৎ করেন।
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী তাদের ভয়ে মুখ খুলতে সাহস পান না।
স্থানীয় সচেতন মহল জানান, “১৯০১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা ও শৃঙ্খলার দৃষ্টান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক এই অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় বরিশাল কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।